‘বিস্কুট খেয়ে’ মৃত্যুর কোলে ঢলে পড়ল দুই বোন

নওগাঁয় সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসক নিশ্চিত করেছেন, ফুড পয়জনে তাদের মৃত্যু হয়েছে। তবে শিশুদের স্বজনদের দাবি, বাজার থেকে কেনা বিস্কুট খেয়ে ওই দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মৃত্যু হয়। মৃত শিশুরা হলো: নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে খাদিজা (৬) ও তাবসসুম (৮ মাস)। তারা দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

একই সঙ্গে বিস্কুট খেয়ে মইন ইসলাম (১৬) নামে আরও এক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মইন একই গ্রামের পাইলটের ছেলে।

শিশুর চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে খাদিজার মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। মরদেহগুলোর ময়না তদন্ত শেষে সঠিক কারন জানা যাবে। মৃত দুই শিশুর মরদেহ নওগাঁ মর্গে সরকারি হিমাগারে সংরক্ষিত রয়েছে।
নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী বলেন, আপাতদৃষ্টিতে ওই দুই শিশুর মৃত্যু মামা বিস্কুট খাওয়ার পরই হয়েছে মনে হলেও ময়না তদন্ত করার আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না।

এনএএন টিভি

Share this news as a Photo Card