ময়মনসিংহে গৃহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের হালুয়াঘাটে কিশোরী গৃহকর্মীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার কালিয়ানিকান্দা গ্রামের বাসিন্দা। সম্প্রতি টিকটক, ইউটিউব ও ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা পান তিনি।

পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ওই কিশোরীকে নিজ বাড়িতে গৃহপরিচারিকার কাজ দেন ইসমাইল। কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন তিনি। পরে ওই কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ইসমাইল‌কে বিয়ের জন্য চাপ দেন। তবে এতে অস্বীকৃতি জানিয়ে উল্টো মা ও মেয়েকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আছে ইসমাইলের বিরুদ্ধে।

কিশোরীর মা বলেন, ‘আমার মেয়েকে মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলে ইসমাইল নিজের বাড়িতে কাজে নেয়। তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে ইসমাইল ধর্ষণ করে। পরে বিয়ের কথা বললে তাঁকে (কিশোরীকে) মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। গত শনিবার আমি বাড়িতে না থাকায় ইসমাইল আমার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা করেছি। আমি এর সুবিচার চাই।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক প্রথম আলো‌কে বলেন, ওই কিশোরীর মা বাদী হয়ে মামলাটি করেছেন। অভিযুক্ত ব‌্যক্তি‌কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর ওই কিশোরীকে পুলিশের হেফাজতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card