নরসিংদীর রায়পুরায় সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশন ও চরমেঘনা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বাশঁগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশন পরিচালক ও চরমেঘনা প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মরহুম সরকার হাফিজুর রহমান (সাহেদ)এর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজকের দিনে ২৩মার্চ ২০১৮ইং সনে বাঁশগাড়ির সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তার হাতে গড়া চরমেঘনা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দরা তার কবরের পাশে দাড়িয়ে তাকে শ্রদ্ধা নিবেদন তার স্বরনে পবিত্র কুরআন তেলায়েত ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, মরহুম এর ছোট ভাই সরকার মুকলেছুর রহমান ফরিদ বলেন, মৃত্তিকা ও মহাকালের অংশ হয়ে যাওয়া সহোদর ভাইটি আমার ছোটবেলা থেকে ছিল খুবই পরিপাটি এবং সৌখিন। তখনকার দিনে একই পরিবারে কাছাকাছি বয়সের অনেক ভাইবোন একসাথে বেড়ে উঠতো। আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। একদিন কয়েকজন ভাইবোন মুড়ি (আমাদের এলাকার ভাষায় যাকে বলে ‘খৈ’ আর আপনারা যাকে ‘খৈ’ বলেন, আমরা বলি ‘ছিট খৈ’; কারণ এটা ভাজার সময় ছিটকে ছিটকে ছড়িয়ে পড়ে।) খাওয়া শেষ করে পানি খাওয়ার পর্বে ছোট ভাই আসাদুর রহমান জাহাঙ্গীর পানি খেতে চাইলে তাকে একটা গ্লাসে পানি খেতে দেয়া হলো। স্বাভাবিকভাবেই আজ থেকে চার যুগ আগে গ্রাম এলাকায় সকল শিশুর জন্য আলাদা গ্লাস ছিল না। যে গ্লাসটায় জাহাঙ্গীরকে পানি খেতে দেয় হলো সেটা দেখে ৪/৫ বছর বয়সী ছোট্ট জাহাঙ্গীর বকা খাওয়ার ভয়ে ঐ গ্লাসে পানি খেতে রাজী হলো না। সে বলতে লাগলো, “এইডা না, এইডা না, এইডাতে পানি খাইলে মেজো ভাইজান কইব, মুখেত্তে, মুখেত্তে…….”। মানে হলো এই গ্লাস দিয়ে পানি খেলে মেজো ভাইজান বলবেন, ওর মুখ থেকে (মুখেত্তে) ময়লা লেগেছে। আমার গ্লাসে সে পানি খেল কেন? ইত্যাদি ইত্যাদি। অন্য কারও আলাদা গ্লাস না থাকলেও তার সৌখিনতার কারণে তার একটা আলাদা গ্লাস থাকতো। অথচ তার বয়স তখন ১০/১১ বছর। পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সেই শৈশবেই ছিল তার অনমনীয় অবস্থান। আমাদের বাংলা ঘর (আসলে বৈঠক ঘর বা হয়তো ‘বাংলো ঘর’) ছিল মহান মুক্তিযুদ্ধের সংগঠকে, স্থানীয় আওয়ামী সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সায়েদুর রহমান ছন্দু মিয়ার রাজনৈতিক সামাজিক কর্মতৎপরতার কেন্দ্র-বিন্দু এবং সেকারণেই সবসময়ই মানুষজনে গমগম করত। শুনেছি শুধু তামাক কাটার জন্য আর হুক্কা জ্বালিয়ে দেয়ার জন্য আলদা আলাদা লোক রাখা ছিল। অন্যান্য কাজকর্ম করার জন্যত লোক ছিলই। গ্রামীন সচ্ছল কৃষকের সন্তান হিসেবে প্রাপ্ত জমিজমা থেকে আয়-ইনকাম আব্বা তার সমাজসেবা আর রাজনৈতিক কর্মকান্ডেই ব্যয় করতেন। মাত্র ৪২ বছর বয়সে তাঁর অকাল মৃত্যুর পর আমাদের সেই গমগম করা বৈঠক ঘর এক্কেবারে নিশ্চুপ হয়ে গেল। আমরা ভাইবোনেরা এতই ছোট যে, ঐ ঘর ব্যবহার করা বা ঐ ঘরে থাকার উপযোগী ছিলাম না। বেশ কয়েক বছর ধরে পড়ে থেকে ঘরটি ভয়াবহ ময়লা-আবর্জনায় ভরে গেল। মেজোভাই হাই স্কুলে উঠে উদ্যোগ নিলেন সেই ঘর পরিস্কার পরিচ্ছন্ন করে ব্যবহারোপযোগী করার। এমনিতেই দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত, তারপর বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যার পর টিনের ঘর একদম অন্ধকার হয়ে থাকে। তার সেই ১১/১২ বছরের মাথায় বুদ্ধি এলো। আমাদের লেখাপড়া করার লেখা পাতাগুলো সুন্দর ডিজাইন করে বড় বড় শাপলার পাপড়ির মতো করে কেটে ফুল বানিয়ে টিনের বেড়ায় আঠা দিয়ে সেঁটে দিল। সবগুলো বেড়ায় বড় বড় সাদা সাদা শাপলা ফুল ঘরটাকে আলোয় ভরে দিয়েছিল। সেটা ছিল হাতের কাছে পাওয়া দ্রব্য দিয়ে বিনা খরচের ইন্টেরিয়র ডেকোরেশন। আজ থেকে চার যুগ আগে একটা পশ্চাৎপদ গ্রামে একটা বাচ্চার পক্ষে এরকম কাজ করা আসলেই অভাবনীয় ছিল।
আমাদের সেই প্রত্যন্ত পশ্চাৎপদ গ্রামে থেকেই যতটা সম্ভব আধুনিকতার চর্চা করতেন। নরসিংদীর সবচেয়ে ভালো টেইলারিং শপ ‘ফ্যামাস টেইলার্স’-এ প্যান্ট/শার্ট বানাত। তখন একটা স্টাইল বেরিয়েছিল- কীভাবে যেন হালকা এক রঙের শার্টের পিছনে সুন্দর ঈগল বা অন্য কোনো সুন্দর ছবির প্রিন্ট দেয়া যেত। এসব চমক তার কাছেই দেখেছি। আরেকটা জিনিস দেখতাম-সাদা লুঙ্গির বিভিন্ন জায়গায় আলাদা কাপড় দিয়ে কিছুটা মোটা করে বেঁধে তার রঙে চুবিয়ে দেয়া হতো। ফলে অন্য সব জায়গা রঙিন হলেও বেঁধে রাখা জায়গাগুলো সাদা রিঙ হয়ে থেকে একটা নতুন ডিজাইন তৈরি হতো। সব মিলিয়ে সুন্দর একটা লুঙ্গি হয়ে যেত। এসব ফ্যাশনও উৎসাহের সাথে তাকে করতে দেখেছি। অকাল পিতৃবিয়োগজনিত কারণে পাওয়া স্বাধীনতা ও সংসারের ব্যবস্থাপনার দায়িত্ব নিজ হাতে থাকার কারণে এসব করাটা তার জন্য সহজ ছিল। সৌখিনতার পাশাপাশি তার ছিল একটা শিল্পীমন। ছবি আঁকা, সঙ্গীত, নাটক- কোনটাতে ছিলেন না? ভালো ক্রাফটসম্যান ছিলেন। মনে পড়ে-আমাদের শৈশবে স্কুলে বার্ষিক পরীক্ষার সময় ‘হাতের কাজ’ নামক একটা বিষয় ছিল। শিশুরা যাতে সৃজনশীলতা নিয়ে বেড়ে ওঠে সেকারণেই হয়তো এসবের ব্যবস্থা ছিল। মেজো ভাইজানের শৈল্পিক দক্ষতাগুলোর মধ্য থেকে ‘গান’ ছাড়া বাকি বিষয়গুলো আমার ঠিক আসতো না। আমি ছবি আঁকার পর নিচে না লিখে দিলে বোঝার উপায় থাকে না আসলে কী আঁকা হয়েছে (অবশ্য অতি বড় বড় শিল্পীদের ছবিও দুর্বোধ্য, হা হা হা)। যা-ই-হোক, ১৯৭৭ সালে দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষার সময় আমারও ‘হাতের কাজ’ বিষয়ক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। আমিতো কিছুই বানাতে পারি না। এগিয়ে এলেন মেজো ভাইজান। ধইঞ্চা গাছ বা অনুরূপ কোনো গাছের কান্ড (আমরা বলতাম ‘বাতুলা’ গাছ) ছিলে সাদা অংশ (আজকের যুগের ককশিটের পূর্বপুরুষ) দিয়ে বানিয়ে দিলেন সুন্দর এক উড়োজাহাজ। ‘হাতের কাজ’ বিষয়ে পেয়ে গেলাম সর্বোচ্চ নাম্বার। আজ পরিণত বয়সে এসে বুঝি এভাবে ছোট ভাইয়ের ‘হাতের কাজ’ করে দেয়াটা ঐ বিষয় চালু করার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ ছিল না। কিন্তু সেসব বোঝার ক্ষমতা ৮ বছর বয়সী আমার কিংবা ১৩/১৪ বছর বয়সী মেজো ভাইজানের ছিল না এবং সেটাই স্বাভাবিক। তার সেইসব ফ্যাশন-ট্যাশন-সৌখিনতা (আমাদের সবচেয়ে ছোট বোন ঝধনরযধ গধযসঁফ-এর ভাষায় ছং-মং) করলেও পিতৃহীন সংসারের প্রতি দায়িত্ব পালন করেছে আন্তরিকতার সাথে। (বরং পরবর্তীকালে বৃহত্তর সংসার অর্থাৎ এলাকাবাসী/সমাজ এসবে বেশি মাত্রায় সংশ্লিষ্ট হতে গিয়ে একান্ত নিজের পরিবার অর্থাৎ স্ত্রী-কন্যা-পুত্রের প্রতি প্রয়োজনীয় মনোযোগ দিতে পারেনি।) সেই ১৩/১৪ বছর বয়সেই সংসারের ব্যবস্থাপনাগত দায়িত্ব কচি কাঁধে নিয়ে কৃষিনির্ভর পরিবারের বিভিন্ন ফসলাদি বাজারে বিক্রি করে নিজে একটা শিশু হয়েও তারচেয়ে ছোট শিশু ভাইবোনেদের জন্য বাজার থেকে কদমা, বিস্কুট, আখ, তরমুজ, লটকন ইত্যাদি এনেছে। ছোট ভাই হিসেবে সাথে যাওয়া আমাকে সর্বোচ্চ কোয়ালিটির আইসক্রিম কিনে দিয়েছেন। মনে আছে সেই ‘বকুল’ ফ্যাক্টরির সর্বোচ্চ কোয়ালিটির সাদা আইসক্রিমগুলোর অগ্রভাগে থাকতো নারকেলের কুচি আর দুধের সর; দাম ছিল আট আনা (পঞ্চাশ পয়সা) যেখানে ভালো ‘মালাই’ আইসক্রিমের দাম ছিল চার আনা (পঁচিশ পয়সা)। আর প্রলেতারিত মার্কা আইসক্রিম (যা আসলে টকটকে লাল মিনা রঙ আর অতি অল্প চিনির ছোঁয়া দেয়া বরফ মাত্র। ফিরে যাই ভাইবোনদের প্রতি তার ভালবাসা আর স্নেহের কথায়। একবার রায়পুরা থেকে ঢাকা ফিরছি। বারৈচা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম। ঢাকা-সিলেট রূটের বাসে পথিমধ্যে উঠার কারণে সিট নেই। দুই ভাই দাঁড়িয়েই যাচ্ছিলাম। কয়েক স্টপেজ পড়ে একটা সিট খালি হলো। আমাকে বলল, ‘তুই ছোট মানুষ, তুই বসে পড়।’ আর বড় বিধায় তাকে বারবার বসতে বলছি। কিছুতেই রাজি করানো গেল না তাকে! তার এক কথা, “তুই ছোট মানুষ, দাঁড়িয়ে যেতে তোর কষ্ট হবে।” অথচ আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া টগবগে তরুণ। এই হলো আমার দায়িত্বশীল স্নেহময় মেজো ভাই। মানুষের জন্য কাজ করা, সাংঠনিক তৎপরতায় ছোট বেলা থেকেই তার দারুণ আগ্রহ ছিল। এসব কাজ করতো প্রায় উপাসনা/সাধনার মতো করে, নিবেদিতপ্রাণ হয়ে। রাজনীতি করে সমাজের সকল স্তরের মানুষের সাথে মিশতে গিয়ে তার শৈশব-কৈশোরের সৌখিনতা অনেকটাই হারিয়ে যায়। আমার চাকরিজীবনের শুরুতে ভেবেছিলাম শৈশবে দেখা আমার পরিপাটি সৌখিন রুচিশীল ভাইটিকে এক সেট কম্পলিট স্যুট উপহার দেব। চাকরির সেই পর্যায়ে অতি অল্প বেতনের কারণে সেটা করতে কিছুটা আওময় লাগছিল। কিন্তু ততদিনে নিবেদিতপ্রাণ রাজনীতিক ভাই আমার এমন পোশাক পরিচ্ছদ বেছে নিয়েছে যেখানে তার সবচেয়ে ফর্মাল পোশাক হচ্ছে পাজামা-পাঞ্জাবি আর সাথে মুজিব কোট। রঙ অবশ্য ভিন্ন, নিজেকে প্রকৃত কালো মুজিব কোট পরিধান করার যোগ্য মনে করতেন না বোধ হয়। শুধুমাত্র চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণের দিন তার আশৈশব ভালবাসা আর ধ্যান-জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্র্যান্ড পোশাক কালো মুজিব কোট পরিধান করেছিলেন। (লেখাটি আর বড় করতে চাচ্ছি না। পরে একসময় লিখব হয়তো। তিনি আমাদের পরিবারের মেজো ভাই হলেও আমি ছোট ভাইজান ডাকতাম। বিষয়টি ছিল এরকম- আমার বড় দুই ভাই, তাদেরকে ভাইজান ডাকি, যিনি বড় তিনি বড় ভাইজান ঋধরুঁৎ জধযসধহ ঝধৎশধৎ আর ভাইজানদের মধ্যে যিনি ছোট তাকে ছোট ভাইজান ডাকতাম। সমস্যা হয়েছে আমার ছোট ভাইবোনদের। ওদের বড় তিনজন ভাইজান, সেখানে আমি সবচেয়ে ছোট। তাই তারা তাকে মেজো ভাইজানই ডাকতো।) আমার প্রিয় ছোট ভাইজান অর্থাৎ আমাদের পরিবারের মেজোভাই স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরকার হাফিজুর রহমান (সাহেদ সরকার)
