একদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদযাত্রার চতুর্থ দিন মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকেই ঘরমুখো মানুষ ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।
এদিকে, টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ২৫ শতাংশ ট্রেনযাত্রীকে দেওয়া হচ্ছে স্ট্যান্ডিং টিকিট।
এ প্রসঙ্গে রেল কর্তৃপক্ষ বলছে,
‘একদিকে ছুটি শুরু, অন্যদিকে ট্রেনে নিরাপদ ভ্রমণ হওয়ায় সবাই ঘরে ফিরতে কমলাপুরমুখী হচ্ছেন।’
‘ঈদের আগের দিন পর্যন্ত এমন ভিড় হতে পারে বলে জানান তারা। টিকিটবিহীন যাত্রীদের ক্ষেত্রে এবার কড়াকড়ি আরোপ করা হয়েছে।’
‘কোনো যাত্রী বিনাটিকিটে স্টেশন এলাকায় প্রবেশ করতে পারছেন না।’
দিনের প্রথম আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদযাত্রার চতুর্থ দিন শুরু হওয়ার কথা থাকলে ট্রেনটি সঠিক সময়ে স্টেশনে এসে পৌঁছাতে পারেনি।
আজ প্রায় ৬০ হাজার মানুষ ট্রেনযোগে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
কমলাপুর স্টেশন থেকে লোকাল-আন্তঃনগর মিলে ৫২ জোড়া ট্রেন চলাচল করবে।
এছাড়া রয়েছে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন। আর বিমানবন্দর স্টেশন থেকে আরও দুই জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে আজ।
এবার ট্রেনে ঈদযাত্রায় তেমন অভিযোগ না থাকলেও মঙ্গলবার (২৭ জুন) দিনের শুরুর ট্রেন বিলম্ব হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
কথা হয় ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী রহিমের সঙ্গে। তিনি বলেন,
‘শুনেছি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন এসে টার্মিনালে পৌঁছেছে।’
‘সোমবার পরিবারের অন্যান্য সদস্যদের পাঠিয়েছি তাদের ট্রেন যথাসময়ে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। যাত্রায় কোনো বিলম্ব হয়নি।’
‘তবে আজ প্রায় এক ঘণ্টা অপেক্ষা করছি এখনো ট্রেন আসেনি।’
গত ১৪ জুন থেকে আন্তনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট।
একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।
আর ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট।
যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে ফিরতি ট্রেনের টিকিট।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন,
‘শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ফলে রেলের লাভ লোকসান বিবেচ্য বিষয় নয়।’
‘যাত্রী সাধারণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা যেন করতে পারে এটাই আমাদের লক্ষ্য।’
