খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষক সমিতির প্রথম নির্বাচনে নীল দলের প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মো. আসাদুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ আশিকুল আলম।
এ কমিটি ২০২৩ সালের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ পরিচালনা করবেন।
মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দলের মনোনীত প্যানেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।
আগামী ২৮ ডিসেম্বর বুধবার নির্বাচন হওয়ার কথা থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন সোমবার ফল ঘোষণা করেন।
শিক্ষক সমিতির নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম সম্পাদক-১ বিদ্যুৎ মাতব্বর, যুগ্ম সম্পাদক-২ শাহীন ইমরান, কোষাধ্যক্ষ বাছির আহমদ, গবেষণা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক সৌরভ মোহন সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বরূপ কুমার কুন্ডু, সমাজকল্যাণ সম্পাদক জয়শংকর বৈদ্য, মহিলাবিষয়ক সম্পাদক সুবর্ণা রানী কুন্ডু, পাঁচজন নির্বাহী সদস্য যথাক্রমে রাকিবুল হাসান মো. রাব্বি, মো. হামিদুর রহমান, নিগার আফসানা, মো. হাবিবুর রহমান এবং সদস্য কারিমুন নেছা।
সোমবার ফল ঘোষণার পর পরই নগরীর দৌলতপুরে দেয়ানায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এ শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অধিষ্ঠিত করতে যুগোপযোগী সব পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।
