চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ায় দিনাজপুর বিএডিসিতে কর্মরত স্টোরকিপার হাফিজুর রহমান চলন্ত ট্রেনের নিচে লাফি দিয়ে আত্মহত্যা করেছেন।
৫ নভেম্বর শনিবার দিবাগত মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর রেলসেতুর কাছে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের চাকায় কেটে নিহত হয় সে। হাফিজুর রহমান পাশ্ববর্তী কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া পাকুরতলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের কনিষ্ঠ পুত্র।
নিহতের স্বজনরা জানান, দিনাজপুর বিএডিসিতে স্টোরকিপার হিসাবে কর্মরত ছিলেন। চাকরি করা কালিন সময়ে হাফিজুর রহমান ১১ লক্ষ টাকার হিসাব নিকাশ না মেলায় সম্প্রতি চাকরী থেকে সাময়িক বরখাস্ত হন। হিসাবের গড়মিলের টাকা জমা দেয়ার জন্য গত শনিবার তিনি বাড়িতে আসে। পরিবারের কাছে ১১ লক্ষ টাকা সংগ্রহ করে চাইলে কিছুটা বাকবিতন্ডার সৃষ্টি হয় স্বজনদের সাথে। পরে কাউকে না জানিয়ে রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
৬ অক্টোবর সকালে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের লালমনিরহাট-সান্তাহার রেলপথের ৩৫৩ কিলোমিটার এলাকার ৪২ নম্বর হিয়াতপুর সেতুর উত্তর দিকের রেল লাইনের ওপর ও সেতুর নিচে পানিতে পড়ে যাওয়া তার খন্ড-খন্ড মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। স্বজনরা তার মরদেহ সনাক্ত করে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এক বছর বয়সী এক শিশুকন্যার জনক হাফিজুর রহমান চাকরী থেকে সাময়িক বরখাস্তের কারণে আত্মহত্যা করেছেন।
গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমান আনিস ট্রেনে কেটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
