মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন অসচ্ছল মুক্তিযোদ্ধারা। দেশের প্রায় ৩০ হাজার মুক্তিযোদ্ধা পাচ্ছেন
‘বীর নিবাস’। চট্টগ্রামের ১৪ উপজেলাতেও ৭৮৪ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে ঘর উপহার দেয়া হচ্ছে। ইতোমধ্যে ঘরগুলোর
নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বিজয় মাস ডিসেম্বরেই শতাধিক মুক্তিযোদ্ধার কাছে ঘরের চাবি তুলে দেয়া হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের
বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর
পর হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর এমন মমতায় ভীষণ খুশি তারা।
চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ পূর্বদেশকে বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলায় গরীব ও জমি আছে ঘর
নেই এমন মুক্তিযোদ্ধাদের ১৪ লাখ টাকা ব্যয়ে ঘর করে দিচ্ছে। এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মহানগরেও অনেক অসহায় মুক্তিযোদ্ধা
আছে তারাও যাতে ঘর পান সে দাবি রাখছি। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের পাশে সবসময় আছেন।’
মন্ত্রণালয় সূত্র জানায়, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য দেশব্যাপী ৩০ হাজার বাসস্থান (বীর নিবাস) নির্মাণের প্রকল্পটি নেয়া হয় গতবছর।
৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুজিব বর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি
উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘরগুলো নির্মাণের অনুমোদন দেন।
আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সবকটি ঘর নির্মাণের বাস্তবায়নকাল ধরা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, শহীদ ও প্রয়াত এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ১৪ লাখ ১০ টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে জেলার ৭৮৪ জন বীর
মুক্তিযোদ্ধাকে সরকারি এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ ফুট প্রস্থ আর ২৫ ফুট দৈর্ঘ্যওে ঘরগুলোতে দুটি বেডরুম, একটি ড্রইং রুম,
একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম ও দুটি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা। তবে নির্মাণ সামগ্রীর দাম বাড়ার কারণে
ঘরগুলোর নির্মাণ কাজে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
ঠিকাদাররা বলছেন, নির্মাণ সামগ্রীর ঊর্ধ্বগতির কারণে এসব ঘর নির্মাণ করতে গিয়ে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তবু জাতির
শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারা কম লাভে ঘরগুলো নির্মাণ করছেন।
চট্টগ্রামের সদ্বীপে ৪৫টি সীতাকুন্ডে ৫৫টি, চন্দনাইশে ২৭টি, মিরসরাইয়ে ২৩৪টি, সাতকানিয়ায় ১৪টি, রাঙ্গুনিয়ায় ৩৯টি, বাঁশখালীতে
১৪টি, বোয়ালখালীতে ৩২টি, লোহাগাড়ায় ১৫টি, ফটিকছড়িতে ১৩০টি, রাউজানে ৪৫টি, পটিয়ায় ৪২টি, আনোয়ারায় ৩৮টি,
হাটহাজারীতে ৫৪টি ঘর পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা অনুসারে চট্টগ্রামে আট হাজার ২৬২ জন
মুক্তিযোদ্ধা আছেন।
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহারের বীর নিবাস পাওয়া বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ পূর্বদেশকে বলেন, ‘প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের
ভাতা বাড়িয়েছেন। এবার ঘর উপহার দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। জীবনের শেষ বয়সে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানিত
করছেন। আমরা প্রধানমন্ত্রী যাতে সুস্থ থাকেন সেজন্য দোয়া করি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে অনেক খুশি হয়েছি। ঘরের নির্মাণ
কাজ শেষ হলেও এখনো বিদ্যুৎ ও পানির লাইনের কাজ শেষ না হওয়ায় ঘরে উঠতে পারি নাই। তবে ৯০ শতাংশ কাজ শেষ হওয়ায় এ
মাসেই ঘরে উঠতে পারবো বলে আশা করছি।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন পূর্বদেশকে বলেন, ‘মিরসরাইয়ে যে ঘরগুলো হচ্ছে এরমধ্যে মাত্র দুটি ঘর নিয়ে
কিছুটা জটিলতা দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সবার সম্মতিতে এই দুটি ঘরের প্রস্তাবনা পাঠানো হলেও পরে নিজেদের মধ্যে
জটিলতায় একটু পিছিয়ে পড়েছি। বিজয় দিবসের পর জটিলতা মিমাংসা করে ঘর নির্মাণ শুরু হবে। তবে অন্যান্য ঘরগুলোর কাজ প্রায়
শেষ পর্যায়ে। মিরসরাইয়ের মুক্তিযোদ্ধারা ঘর পেয়ে অনেক বেশি খুশি। উনাদের অনুভূতি দেখে আমারও অনেক ভালো লাগছে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
