চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু

চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি ও ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় সিয়াম (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা চট্টগ্রাম রেলপথের বাগমারা উত্তর বাজার সংলগ্ন রেল ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম দক্ষিণ হাজাতিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার পর সিয়াম তার চাচার দোকানে সময় দিতেন। শুক্রবার জুমার নামাজের পর পাঞ্জাবি-পায়জামা পরে ব্রিজ এলাকায় যায়।

সেখানে বন্ধুদের সাথে চলন্ত ট্রেনের সাথে সেলফি ও ভিডিও ধারণ করার পরিকল্পনা করে।

এর কিছু সময় পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে আসলে সিয়াম সেলফি তুলতে যায়। এসময় ট্রেনের সঙ্গে তার মাথায় সজোরে ধাক্কা লাগে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম ডিবিসি নিউজকে বলেন,

চলন্ত ট্রেনের সাথে সেলফি ও ভিডিও ধারণ করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্বজনরা খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে তার মরদেহ নিয়ে যায়।

 

পুুলিশ তার বাড়িতে গিয়ে তার মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে। পরে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি