ময়মনসিংহের সঙ্গে তিনটি রেলপথে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টায় নগরীর কেওয়াটখালিতে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ময়মনসিংহ-নেত্রকোনা-ভৈরব-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার ফলে এই তিনটি রেলপথের বিভিন্ন স্টেশনে আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সাত দিনের ব্যবধানে একই রুটে একই ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর শাহীনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহম্মেদ জানান, শনিবার সকাল সোয়া ৮টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের মালবাহী বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-ভৈরব-চট্টগ্রাম এই তিনটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কেওয়াটখালী লোকশেড থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।
