রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দোকান বন্ধ করে গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটায় বাসায় ফিরে যান ব্যবসায়ী মনির হোসেন। ভোরে খবর পান, মার্কেটে আগুন লেগেছে।
সঙ্গে সঙ্গে দোকানের সামনে চলে আসেন মনির হোসেন। দেখতে পান, মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলছে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মনির হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগুনে আমার দোকান পুড়ে গেছে। আমার স্বপ্ন শেষ।’
তিনি জানান, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আদিতা ফ্যাশনের লাগোয়া তাঁর দোকান।
তাঁর দাবি, দুই দিন আগে তিনি পাঁচ লাখ টাকার মালামাল তুলেছেন। কিন্তু আগুন তাঁর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কেবল মনির নন, তাঁর মতো অনেকের দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে কান্নায় ভেঙে পড়ছেন।
অপরদিকে, আগুনে চারটি দোকান পুড়েছে আবু সাঈদের।
গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার সময় হাবিব ফ্যাশন দোকান বন্ধ করে বাসায় ফিরে যান।

আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় আগুন লাগার খবর পেয়ে চলে আসেন দোকানে। দেখতে পান, তাঁদের চারটি দোকান আগুনে পুড়ে গেছে।
ব্যবসায়ী আবু সাঈদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের চারটি দোকান আগুনে পুড়ে গেছে। সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। এখন আমরা কী করব?’
ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার অন্তত ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে বলেন,
“রাত দুইটার পর দোকান বন্ধ করে তাঁরা বাসায় যান। ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন আগুন জ্বলছে।”
আজ ভোর চারটার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন লিংকিং পার্ক দোকানের মালিক রবিন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর আগুন লেগেছে।

তিনি আরও বলেন, ক্যাশে ছয় লাখ টাকা রেখে বাসায় যান। ঈদ উপলক্ষে দোকানে মাল তুলেছিলেন অন্তত ১০ লাখ টাকার।
ব্যবসায়ীদের ভাষ্য, রাতে তৃতীয় তলা লাগোয়া একটি পদচারী–সেতু ভাঙার কাজ চলেছে। ভোরে তাঁরা আগুন লাগার খবর পান।
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।
ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
