নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার গ্রামে রাতের আঁধারে এক একর জমিতে রোপণ করা করলা গাছ কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। করলা চাষির অভিযোগ, এলাকায় তেমন কারো সাথে শত্রুতা নেই তারপরও দূর্বৃত্তরা গাছগুলো উপড়ে ফেলেছে।
চাষী মো.ফারুক জানায়, উপজেলার চরজব্বার গ্রামের গ্রামের মাঠে এক একর জমি চাষ করেন। সেই জমিতে মাচা দিয়ে করলা গাছ রোপণ করেন। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। কিন্তু রাতের বেলায় কে বা কাহারা এক একর জমির সব গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। শনিবার সকালে চাষি ফারুক জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নুয়ে পড়েছে, তিনি ক্ষেতে গিয়ে দেখেন সবগুলো গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। চাষি ফারুক আরো বলেন, আমি গরিব কৃষক। অনেক ধারদেনা করে এক একর জমিতে করলা চাষ করেছি। আমার যা পুঁজি ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। এতে প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল। এখন দেখছি সবই গুড়েবালি। সুবর্ণচর উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কাহারা কৃষক ফারুকের করলা গাছ কেটে ও উপরে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
