ফরিদপুরে দুই পক্ষের সংঘ*র্ষে আ*হত ১০

ফরিদপুরে নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি ঘর ভাঙচুর করা হয়।

আজ সোমবার সকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম খানের সঙ্গে প্রতিপক্ষের নেতা আসাদ মোল্যার বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চলে হামলা-পাল্টাহামলা। এক পর্যায়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছে।

আসাদ মোল্যা বলেন, ইউপি সদস্য রবিউল ইসলাম অস্ত্র মামলায় জেল থেকে জামিনে বের হয়ে এসেই এলাকার লোকদের হুমকি-ধামকি দেওয়া শুরু করে। এরপর সোমবার সকালে কোনো কারণ ছাড়াই রবিউল ও তার লোকজন আমার লোকজনের হামলা চালায়।

ইউপি সদস্য রবিউল ইসলাম খাঁন বলেন,  প্রতিপক্ষরা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমি জামিনে আসার পর প্রতিপক্ষরা আমার লোকজনের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে।

পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে আমি ঘটনাস্থলে যেতে পারিনি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share this news as a Photo Card