রায়পুরায় দূর্বৃত্তদের গুলিতে মির্জাচর ইউপি চেয়ারম্যান নিহত

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মির্জাচর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের শান্তিপুর বাজারে এ ঘটনা ঘটে।
গনমাধ্যমকর্মীদের সাথে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত চেয়ারম্যান মানিক এর ভাই বারসন মিয়া। বর্তমানে তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, নরসিংদী জেলা রায়পুরা উপজেলা মির্জাচর ইউনিয়নের মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে জাফর ইকবাল মানিক তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।একই ইউনিয়নের যুবলীগ সভাপতি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাফর ইকবাল মানিক ও একই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফিরোজ মিয়া ছেলে আওয়ামীলীগ নেতা ফারুকুল ইসলাম লোকজনের মধ্যে র্দীঘদিন বিরোধ চলে আসছিল। দুটি গ্রুপের বিরোদ্ধে হত্যা সহ বাড়ীঘর ভাংচুর অগ্নিসংযোগ লুটপাটের একাধিক মামলা রয়েছে। গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ আপোষের জন্য মিটিংয়ে বসেন। কিন্তু আপোষ না মেনে মিটিং ছেড়ে বাড়িতে উঠেন ফিরোজের লোকেরা। আজ শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার সার্বিক পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে।