রোগীর স্বজনদের বিরুদ্ধে নার্সকে মারপিটের অভিযোগ

কুষ্টিয়ায় রোগীর শরীরে অক্সিজেন লাগাতে দেরি হওয়ায় স্বজনদের বিরুদ্ধে কর্তব্যরত নার্সকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

এতে ওই নার্সের বাম হাতের কনুইয়ের হাড় সরে গেছে।

শনিবার (৩ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আহত নার্সের নাম মোছা. রিক্তা খাতুন (৩৫)। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আর অভিযুক্ত ব্যক্তির নাম মো. আল আমিন। তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার বাসিন্দা।

তবে মারপিটের অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেন,

তার স্ত্রী সুমাইয়া (২৮) নিজবাড়িতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তিনি তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক তার স্ত্রীকে অক্সিজেন দিতে বলেন।

কিন্তু হাসপাতালের নার্সরা দ্রুত অক্সিজেন না দিয়ে বসে ছিলেন। তিনি নার্সদের অক্সিজেন লাগাতে বললে তারা ( নার্স) ক্ষিপ্ত হয়ে যান।

এ সময় নার্সদের সাথে কথাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। কিন্তু তিনি কাউকে মারেননি।

জানতে চাইলে আহত নার্স রিক্তা খাতুন বলেন, ‘তিনি খুব অসুস্থ। তিনি এখন কারো সাথে কোনো কথা বলতে চাননা।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন,

‘কাগজে কলমে ৫০ শয্যা হলেও জনবল কাঠামো রয়েছে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের। প্রতিদিনই রোগীর চাপ থাকে। শনিবার ৮৬ জন রোগী ভর্তি রয়েছে।

তবে ওই রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা অভিযোগ ছিলো না।’

থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন,

‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি