স্কুলের কর্তৃপক্ষের অবহেলায় মারা গেল শিশুটি

স্কুলের প্রধান ফটকের পাল্লা ভেঙে পড়ে মুনতাহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ভেড়ভেড়ী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুটি ওই বিদ্যালয় সংলগ্ন হাজিরহাট বাজার এলাকার মজনু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দুই বছর ধরে বিদ্যালয়ের প্রধান ফটকের কব্জা ভেঙে একটি পাল্লা ঝুলে ছিল।

শিশুটির মা রুবি বেগম বিদ্যালয়ের মাঠে ধান শুকানোর কাজ করছিলেন। মায়ের কাছে যাওয়ার জন্য মাঠে প্রবেশের সময় শিশুটির ওপর ঝুলন্ত পাল্লাটি ভেঙে পড়ে।

এতে গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত শিশুটির দাদা লুৎফর রহামান ও এলাকাবাসীর অভিযোগ, ৩টির স্থলে একটি কব্জার সামান্য একটু অংশে উত্তর পাশের পাল্লাটি আটকে ঝুলে ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি একাধিকবার অবগত করার পরও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ এ ঘটনা ঘটল।

এ ব্যাপারে মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, নিজ উদ্যোগে পাল্লাটি ঠিক করার জন্য বাজারের ওয়েলডিং দোকানদারকে বলেছিলাম।

আজকে পাল্লাটি ঠিক করার কথা ছিল। কিন্তু এর মধ্যে সেই পাল্লা পড়ে গিয়ে শিশুটি মারা গেছে।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

তার বাবা-মা ও পরিবারের লোকজন এখনো থানায় আসেনি। তাদের বক্তব্যের ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি