গৃহবধূ হত্যায় স্বামীসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর হালিশহরে গৃহবধূ রাবেয়া খাতুনকে খুনের ঘটনায় তার স্বামী মো. জামিল (২৪) ও ভায়রা মো. মোস্তফাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জামিল কিশোরগঞ্জের নিকলী উপজেলার দক্ষিণ হাটি করপাশা গ্রামের শাহ আমিনের ছেলে এবং মোস্তফা একই এলাকার দামপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। দুজনই হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সোমবার প্রথমে জামিলকে, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তফাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

জানা যায়, আসামি মো. জামিল রাবেয়া খাতুনের দ্বিতীয় স্বামী। রায়েবার প্রথম সংসারের দুই মেয়ে রয়েছে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বছরখানেক আগে আসামি জামিলের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এক পর্যায়ে জামিল ভায়রা মোস্তফাকে নিয়ে রাবেয়াকে হত্যার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় বাসায় গিয়ে দুজন মিলে রাবেয়ার গলায় ও শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করেন। পরে রাবেয়াকে তার বাবা উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর দুজনই পালিয়ে যান।

Share this news as a Photo Card