উত্তরা ইপিজেডের চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) চারটি শিল্প প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে কারখানা কর্তৃপক্ষ পৃথক নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেয়।
কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, গত শনিবার (২৫ অক্টোবর) কিছু শ্রমিক কারখানার কাজে যোগ না দিয়ে প্রধান ফটকের বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা অন্যান্য শ্রমিকদেরও উসকে দিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কারখানার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।
এ সময় কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি আহ্বান জানায়, তাদের যেকোনো দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং দ্রুত কাজে যোগ দিতে বলা হয়। কিন্তু শ্রমিকরা নির্দেশ অমান্য করে কাজে অনুপস্থিত থাকেন। রোববারও (২৬ অক্টোবর) একইভাবে উৎপাদন বন্ধ থাকায় কারখানার কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, শ্রমিকদের এই আচরণ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ অনুযায়ী বেআইনি ধর্মঘট হিসেবে গণ্য। শ্রমিকদের বাধা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কর্তৃপক্ষের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
ফলে, শ্রমিকদের জোরপূর্বক উৎপাদন বন্ধ রাখা, বেআইনি ধর্মঘট এবং অস্থিতিশীল পরিবেশ বিবেচনায় এনে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী রোববার (২৬ অক্টোবর) থেকে চারটি কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো—
১. দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড
২. সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড
৩. ইপিএফ প্রিন্ট লিমিটেড
৪. মেইগো বাংলাদেশ লিমিটেড
নোটিশে আরও বলা হয়েছে, অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তীতে নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার তারিখ জানানো হবে। তবে এই ঘোষণা কারখানার নিরাপত্তা শাখা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য প্রযোজ্য নয়।
ওমর ফারুক/এনএএন টিভি