আজ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন

আজ রোববার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

আওয়ামী লীগের এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। সেই চলতি দায়িত্বে থাকা শীর্ষ পর্যায়ের নেতাদের সফলতা ব্যর্থতারও বিষয়টিও আলোচিত হচ্ছে। তবে জেলা কমিটিতেই সফলতার থেকে ব্যর্থতার পাল্লা বেশি ভারী।

দীর্ঘ কয়েক বছর পর আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উল্লাস দেখা দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে জল্পনা কল্পনা চলছে কে হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দু-ভাগে বিভক্ত হওয়ায় এখনো কেউ নিশ্চিত ভাবে বলতে পারছে না কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, বর্তমান কমিটির সভাপতি আব্দুল হাইয়ের নাম জোড়ালো ভাবে শোনা যাচ্ছে। আর সাধারণ সম্পাদক হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলের নাম শোনা যাচ্ছে। শেষ মুহূর্তে কে হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক এই নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।

রোববার (২৩ অক্টোবর) শহরের ইসদাইর এলাকাস্থ ওসমান পৌর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। আর প্রধান অতিথি হিসাবে থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এদিকে সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, আমরা আশা করছি স্মরণকালে অন্যতম সম্মেলন হবে। তৃণমূল হলো দলের অক্সিজেন। তৃণমূলের নেতাকর্মীরা চান-ত্যাগীদের যেন মূল্যায়ন করা হয়। সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি দেখে বিএনপি বুঝতে পারবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ কতটা শক্তিশালী। লোকের সমাগম দেখে অনুভব করবে সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেয়ার পরিনাম কি হতে পারে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে। আমাদের প্রস্তুতি শেষ। সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের আশার প্রতিফলন ঘটবে।

Share this news as a Photo Card