চাঁপাইনবাবগঞ্জে একটি বসত বাড়ীতে ককটেল বিস্ফোরণে মা ও ছেলে আহত হয়েছে। এ ছাড়াও উড়ে গেছে ঘরের জানালা। ক্ষতিগ্রস্থ্য হয়েছে বিভিন্ন আসবাপত্র।
শনিবার(২২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকার তবজল হকের বাড়িতে এঘটনা ঘটে।
আহতরা হল-তবজুল হকের স্ত্রী ফাহমিনা বেগম (৫৫) ও তাঁর ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪৩)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদের ভাই আরিফুল ইসলাম কে আটক করেছে পুলিশ।
আহত শহিদুল ইসলামের সৎ মা আজেমা বেগম বলেন, রাতে ফাহমিনা ও তাঁর ছেলে শহিদুল ইসলাম তাঁদের ঘরে অবস্থান করছিল। এসময় ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কেপে উঠে চারপাশ। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ঘরের মধ্যে মা ও ছেলে কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এসময় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এসময় আহত মা ও ছেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে জানান।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবাগঞ্জের কর্তব্যরত চিকিৎসক ডা.ফরহাদ সুইট বলেন, আহত অবস্থায় মা ও ছেলেকে হাসপাতালে আনা হয়। ধারনা করা হচ্ছে খুব কাছ থেকেই বিস্ফোরণে তাঁরা আহত হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ককটেল বিস্ফোরণে মা-ছেলে আহত হয়েছে। এ ঘটনায় আরিফুল নামে একজনকে আটক করা হয়েছে। আর ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক রকমের কেমিক্যাল জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
