মাঠে সিয়াম-রাজ হয়ে উঠলেন মেসি-নেইমার

সিয়াম আহমেদ ফুটবল টিমের স্ট্রাইকার আর শরিফুল রাজ হচ্ছেন অধিনায়ক। দামাল সিনেমায় এমনটাই দেখা যাবে বলে জানা যায়। সিনেমার খেলার মাঠে যেমনই খেলুক না কেন, বাস্তবে তারা কেমন ফুটবল খেলেন তার একঝলক অবশ্য দেখা গেল।

স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি ‘দামাল’ সিনেমার টিম খেলছিলেন শনিবার (২২ অক্টোবর) বসুন্ধরা কিংসের বিপক্ষে। ম্যাচে বাস্তবেই যেন সিয়াম ও রাজ জ্বলে উঠলেন মেসি-নেইমার হয়ে। ফলাফল ১-১ গোলে ড্র।

শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ছবি ‘দামাল’। মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবেই বসুন্ধরা কিংস বনাম দামাল টিম প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

তবে প্রচারণার জন্য খেললেও দুই দলই নিজেদের সবটা উজাড় করে দিয়ে খেলেছে। এ সময় খেলা উপভোগ করার পাশাপাশি দামালকে প্রেরণা দিতে মাঠে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, সমু সৌধুরী, এফ এস নাঈম, সোহেল মন্ডল, অভিনেত্রী নিপুণ, সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই।

প্রসঙ্গত, ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় ‘দামাল’ ছবিটি নির্মাণ করছেন রায়হান রাফি। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা। ‘দামাল’ সিনেমায় রাজ-মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে।