বগুড়ার ধাপের হাটে কমছে ধানের দাম, লাভ হচ্ছে না ‍কৃষকের

বগুড়ার ধাপের হাটে সপ্তাহ ব্যবধানে ধানের দাম ৭০ থেকে ৮০ টাকা কমেছে। প্রতি মণ ধান ১ হাজার ২৬০ টাকা থেকে ১ হাজার ২৯০ টাকা ধরে বিক্রি হচ্ছে। এই দামে উৎপাদন খরচ উঠলেও লাভ হচ্ছে না কৃষকদের।

বুধবার (১ মার্চ) সরেজমিন বগুড়ার বিখ্যাত ধাপের হাটে দেখা যায়, ফাল্গুনে এসেও উত্তরের প্রকৃতিতে কুয়াশার আনাগোনা। ভোরের সূর্য উঁকি দিতেই কৃষক আর ব্যবসায়ীদের হাঁকডাকে জমে ওঠে এ হাট।

ফসলের মাঠে এখন বোরো ধানের কচি চারার রাজত্ব। ঘরে রাখা আমন ধান হাটে বেচে চলবে বোরোর সেচ-সারের খরচ। তবে প্রয়োজনের সময় হঠাৎ করেই ধানের দরপতনে দিশেহারা কৃষক। গত সপ্তাহে মোটা জাতের ধান ১ হাজার ৩৪০ টাকা থেকে ১ হাজার ৩৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে চলতি সপ্তাহে দাম কমে ঠেকেছে ১ হাজার ২৭০ থেকে ১ হাজার ২৯০ টাকায়।

ফলে সার-সেচ-কীটনাশকসহ উৎপাদন সংশ্লিষ্ট সবকিছুর দাম বেড়ে যাওয়ায় মূলধন ওঠা ও বোরো ধানের লগ্নি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এক কৃষক বলেন, ‘বাজারে ধানের দাম কম। এত টাকা খরচ করে যদি বাজারে সঠিক দাম না পাই, তাহলে কৃষক তো ধান আবাদ বাদ দিয়ে দেবে।’

ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে আক্ষেপ করে আরেক কৃষক বলেন, ‘সারসহ সব কৃষি উপকরণের দাম বেশি। কিন্তু আমরা সে অনুপাতে দাম পাচ্ছি না।’

এদিকে কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি স্বীকার করেন খোদ ব্যবসায়ীরাও। তবে উৎপাদন খরচের চেয়ে কম দামে বাজারে চাল বিক্রি করতে হচ্ছে বলে লোকসান এড়াতে মিল মালিকরা ধান কিনছেন না বলে দাবি তাদের। এ কারণেই দাম কমেছে বলে দাবি করেন আড়তদার ও পাইকাররা।

এক ধান ব্যবসায়ী বলেন, ‘বেশি দামে ধান কিনে যদি চাল সঠিদ দামে বিক্রি করতে না পারি, তাহলে তো আমার উৎসাহ নষ্ট হবে। মিলাররা যে দামে ধান কিনছেন, সে দামে চাল বিক্রি করতে পারছেন না। ফলে তাদের লোকসান হচ্ছে। তাই তারা ধান কিনছেন না।’

উল্লেখ্য, দুপচাঁচিয়া উপজেলার ধাপের হাটে প্রতি বৃহস্পতিবার ৩০ থেকে ৩৫ লাখ টাকার ধান কেনাবেচা হয়।

Share this news as a Photo Card