ঊর্ধ্বমুখী সবজির দাম সরবরাহ কমায় হবিগঞ্জে

হবিগঞ্জে পাইকারি বাজারে কমেছে সবজির সরবরাহ। ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম।

এতে প্রান্তিক কৃষকরা লাভবান হলেও বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার চাষি বাজার।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসেন এ বাজারে।

এখান থেকে সবজি কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন পাইকারি ব্যবসায়ীরা।

তবে গত কয়েক দিনের বৃষ্টিতে বাজারে শাকসবজির সরবরাহ কম থাকায় দাম ঊর্ধ্বমুখী। প্রকারভেদে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।

ব্যবসায়ীরা জানান, কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় বাজারে সবজির আমদানি কম। এতে দাম কিছুটা বাড়তি।

আর ক্রেতারা বলেন, বাজারে সবজির দাম অনেক বেশি। গত সপ্তাহের চেয়ে সবজির দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা পর্যন্ত। এতে বাজার করতে এসে বিপাকে পড়তে হচ্ছে।

সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতিকেজি ঝিঙ্গে ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটোল ৪০ টাকা,

পুঁইশাক ৩৫ টাকা, শসা ৪০ টাকা, কাঁকরল ৪৫ টাকা, করলা ৫০ টাকা, টমেটো ৪০ টাকা ও পেঁপে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে কাদামাটি জমায় বাজারে কেনাবেচায় ভোগান্তি হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের।

চাষি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি সফিক মিয়া বলেন, বৃষ্টি হলে বাজারে পানি জমে যায়।

এতে সৃষ্টি হয় ভোগান্তির। এ অবস্থা থেকে মুক্তির জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, হবিগঞ্জ চাষি বাজারে প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ টাকার সবজি কেনাবেচা হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি