ওমরাহ পালন করলেন অভিনেত্রী স্পর্শিয়া

চলতি বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার স্বামীর নাম সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। সিলেটের সন্তান তিনি। পড়াশোনা করেছেন দেশের বাইরে। বর্তমানে একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন।

বিয়ের পরপরই স্বামীকে নিয়ে ওমরাহ পালন করেলেন স্পর্শিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

রোববার (৭ এপ্রিল) বিকেলে স্বামী রিফাতের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। যেখানে দুজনকে সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরিফের সামনে দেখা যায়।

ছবিটি প্রকাশ করে স্পর্শিয়া লেখেন, ‘২০১৯ সালে প্রথম ওমরাহ হজ করি আম্মুর সাথে। ইচ্ছা ছিল বিয়ে করার পরে জামাইকে নিয়ে আসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তা কবুল করেছেন। আমাদের বিবাহিত জীবনের একটি আশীর্বাদপূর্ণ শুরু।’

অভিনেত্রী আরও লেখেন,
আমার জীবনের সবচেয়ে মূল্যবান দুজন মানুষের সঙ্গে ওমরাহ করা সবচেয়ে উল্লেখযোগ্য এবং পবিত্র অভিজ্ঞতা। কথায় আছে, আল্লাহর ডাক ছাড়া কাবা শরিফে যাওয়া যায় না। আমি তার দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করি। আমি প্রার্থনা করি, আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয় সবার জন্য ভালোবাসা ও সমবেদনা দিয়ে পূর্ণ করুন।

জানা গেছে, গত মাসে ওমরাহ পালনে গিয়েছিলেন স্পর্শিয়া। তবে ছবিটি তিনি এখন পোস্ট করেছেন। অভিনেত্রী সে কথা উল্লেখ করে লেখেন, ‘দয়া করে মনে রাখবেন এই আবেগগুলো গভীর ব্যক্তিগত এবং আমি একজন অত্যন্ত ব্যক্তিগত মানুষ। পোস্ট করতে চাইনি কিন্তু ধর্মীয় মতামতের বিচার বা সমালোচনা না হোক এই আশায় প্রিয়জনদের সাথে শেয়ার করলাম।’

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি।

শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card