তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেফতার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে নিজের আবাসন থেকে গ্রেফতার করা হয় তাকে। খবর ইন্ডিয়া টুডে
সেই প্রতিবেদনে বলা হয়েছে, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যে ঘটনায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল।
মুরালিকে গ্রেফতার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ অভিনেতার স্ত্রীকে পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য। জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।
কৃষ্ণা মুরালি অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান তিনি। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন।
