বলিউড স্টাইলের ঝলক! ৮ দিনে শাকিব খানের ‘তুফান’ ছুঁলো ৬ মিলিয়ন ভিউ

বলিউড সিনেমা মনে করিয়ে দেয় এমন স্টাইলিশ পোস্টার! অথচ এটি কোনো বলিউড প্রজেক্ট নয়, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার ছবি ‘তুফান’। ছবিটি ইতিমধ্যেই ভারতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, বিশেষ করে হিন্দি ডাব সংস্করণ প্রকাশের পর।

ভারতের জনপ্রিয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের অফিসিয়াল হিন্দি ইউটিউব চ্যানেল ‘এসভিএফ ভারত’-এ সম্প্রতি মুক্তি দিয়েছে ‘তুফান’-এর হিন্দি ডাব ভার্সন। মাত্র ৮ দিনের মধ্যেই ভিডিওটির ভিউ সংখ্যা ছুঁয়েছে প্রায় ৬ মিলিয়ন!

অল্প সময়েই এত বিপুল পরিমাণ দর্শকসংখ্যা এসভিএফ-এর ইউটিউব ইতিহাসেও বিরল ঘটনা। এমনকি টালিউডের সুপারহিট তারকাদের ছবি—যেমন দেবের ‘আমাজন অভিযানে’, জিৎ-এর ‘জোশ’ বা যশ দাসগুপ্তের ‘গ্যাংস্টার’—তাও এই মাত্রায় সাড়া ফেলতে পারেনি হিন্দিভাষী দর্শকদের মধ্যে।

বিশেষ করে ছবির জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি সংস্করণ দর্শকদের বেশ মনে ধরেছে। মন্তব্য ঘরে কেউ লিখেছেন, “এ তো বলিউড বা দক্ষিণ ভারতের সিনেমার মতো মনে হচ্ছে!” একজন ভারতীয় দর্শকের মন্তব্য, “ভারত থেকে বলছি—অসাধারণ সিনেমা।” এক নেটিজেন তো সরাসরিই বলে ফেলেছেন, “তুফান এখন আন্তর্জাতিক মানের ছবি, শাকিব খান গ্লোবাল তারকা হয়ে গেছেন।”

ডাবিংয়ের মানকেও প্রশংসা করেছেন অনেকে। ইউটিউবে ভিডিওটির নিচে ইতোমধ্যেই জমা পড়েছে প্রায় ৪ হাজারেরও বেশি মন্তব্য।

এদিকে, দর্শকদের অনুরোধ—শাকিব খানের আরও দুটি আলোচিত ছবি ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ যেন দ্রুত হিন্দিতে ডাব করা হয়।

এনএএন টিভি