বিয়ে করেছেন গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। গতকাল শুক্রবার ঢাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। সামাজিক যোগাযোগমাধমে তারা নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করেছেন।
ছবিতে দেখা যায়, বিয়ের পোশাকে দুজনের মুখেই আনন্দের ছাপ স্পষ্ট।
রাবার পরনে ছিল লাল-কমলা কম্বিনেশনের শাড়ি। আর আরাফাত বেছে নিয়েছেন সোনালী কারুকাজের সাদা শেরওয়ানি।
সেই পোস্টের ক্যাপশনে রাবা খান লেখেন, ‘এক প্রেমের গান দিয়েই ছিল শুরুটা’। এরপর সেখানে বিয়ের তারিখটিও (৪ এপ্রিল) উল্লেখ করেন তিনি।
আর পোস্টটিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে।
রাবা ও আরাফাতের বিয়ে নিয়ে ভক্তদের পাশাপাশি উচ্ছ্বসিত দেশের তারকাঅঙ্গন। উল্লেখযোগ্য বেশ কিছু তারকা তাদের জন্য সামাজিক মাধ্যমে শুভকামনা জানিয়েছেন। পরিচালক আদনান আল রাজিব তাদের বিয়ের ছবি ও পোস্ট নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের মাঝে।
রাবা খান একজন সফল কনটেন্ট ক্রিয়েটর ও লেখক হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়। অন্যদিকে, আরাফাত মহসিন গান গাওয়ার পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণে নিজের অবস্থান তৈরি করেছেন। এই বিয়ের মাধ্যমে শোবিজ অঙ্গন আরও এক জুটিকে পেল, যারা ব্যক্তি ও পেশাগত জীবনে দুজনই আলোচিত ও প্রশংসিত।
