ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারালেন কন্নড় ইন্ডাস্ট্রির তরুণ অভিনেতা সুরজ কুমার।
সিনেমায় আত্মপ্রকাশের মুখে থাকা এই অভিনেতা গত ২৪ জুন বেঙ্গালুরুর কাছে মাইসুরু-গুন্ডুলুপের জাতীয় সড়কে বাইক দুর্ঘটনার শিকার হন। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু অভিনেতার ডান পা হাঁটুর নিচ থেকে বাদ পড়ে। প্রাণ বাঁচানোর জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না চিকিৎসকের।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, ‘রথম’ ছবিতে অভিনয় করার কথা ছিল তার। আরও একটি ছবিতে তার নায়িকা হওয়ার কথা ছিল প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের।
ধ্রুবান নামে বেশি জনপ্রিয় অভিনেতা সুরজকুমার উটি থেকে মাইসুরু যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন।
বিকাল চারটা নাগাদ একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
গুন্ডুলুপের তালুকে হিরিকাটি গেটের কাছে একটি লরিতে গিয়ে ধাক্কা মারে তার মোটরসাইকেল ৷ অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মাইসুরুর মণিপাল হাসপাতালে।
সেখানেই অস্ত্রোপচার করে তার ডান পা বাদ দিতে বাধ্য হন চিকিৎসকেরা। হাসপাতালে সুরজকে দেখতে যান সস্ত্রীক অভিনেতা শিব রাজকুমার।
রঘু কোভির ছবিতে আত্মপ্রকাশ করার কথা ছিল সুরজ কুমারের। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত তৈরি হয়নি।
তার আরও একটি কাজ ‘ভগবান শ্রী কৃষ্ণ পরত্মামা’ও দিনের আলোর মুখ দেখেনি।
সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলে দিচ্ছে, সুরজকুমারের বাইকপ্রীতির কথা। এই দুর্ঘটনার ফলে তার অপ্রকাশিত ছবিগুলোর ভবিষ্যৎ আপাতত বিশ বাঁও জলে।
আরও পড়ুন:
