ইসরাইলকে মার্কিন ‘শিকলে বাঁধা কুকুর’ বলে খামেনির হুঁশিয়ারি

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ‘শিকলে বাঁধা কুকুর’ বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেইসঙ্গে নতুন করে যেকোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ার দিয়েছেন তিনি।

বুধবার (১৬ জুলাই) ইরানের সংবাদমাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনি বলেন, ‘আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও এর শিকলে বাঁধা কুকুর ইহুদি ইসরাইলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আর এটা অত্যন্ত প্রশংসনীয়। ’

গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। ইসরাইলকে সমর্থন জানিয়ে একই সময়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফেরার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিনটি প্রধান দেশ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য আগস্ট মাসের শেষ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, ওই সময়ের মধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়ে যদি অগ্রগতি না হয়, তাহলে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

খামেনি বলেন, ‘আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি; দুর্বলতা থেকে নয়।’

এদিকে বুধবার এক বিবৃতিতে ইরানের পার্লামেন্ট বলেছে, পূর্বশর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত নয়।

 

এনএএন টিভি