দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশে অভিযান চালিয়ে ছয়জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ইরানি বাহিনী। তাদের দাবি, নিহতরা চিরশত্রু ইসরাইলের সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ সদস্য। খবর আরব নিউজের।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ‘বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলির সময় ছয় হামলাকারী নিহত হয়েছেন এবং আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।’
প্রতিবেদনটিতে অভিযানটি কোথায় বা কখন হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
প্রতিবেদনে অভিযানের সঠিক স্থান বা সময় উল্লেখ করা হয়নি।
আইআরএনএ জানায়, সর্বশেষ অভিযানে লক্ষ্যবস্তু করা গোষ্ঠীর ইহুদিবাদী প্রকৃতি নির্দেশ করে এমন নথি পাওয়া গেছে। সংস্থাটি আরও জানায়, এই গোষ্ঠীর সদস্যরা ইরানের পূর্বে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল।
তবে, আইআরএনএ এও জানায়, প্রধান অভিযান দলটি সাতজন অ-ইরানি সন্ত্রাসী নিয়ে গঠিত ছিল। কিন্তু তাদের জাতীয়তা নির্দিষ্ট করা হয়নি। এই বন্দুকযুদ্ধে দুই গোয়েন্দা এজেন্ট ও একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী ও মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদীসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) জাইশ আল-আদল (বিচার বাহিনী) নামে একটি সুন্নি জিহাদি গোষ্ঠী সিস্তান-বেলুচিস্তানে এক হামলার দায় স্বীকার করেছে, যাতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।
এর একদিন পর রোববার (১৭ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী সিস্তান-বেলুচিস্তানে অবস্থিত আরেকটি জিহাদি গোষ্ঠী, আনসার আল-ফুরকানের সাত সদস্যকে হত্যা করেছে।
শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরানের এই প্রদেশটিতে একটি বৃহৎ সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘু সম্প্রদায়ের বাস, এটি দেশের দরিদ্রতম অঞ্চলগুলোর মধ্যে অন্যতম।
