ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুরোপুরি দখলের পরিকল্পনা নিয়ে ইসরাইল যদি পরিকল্পনা করে, তাহলে তাতে বাধা দেবেন না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মূলত গাজা দখলে নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত তিনি ইসরাইলের ওপরই ছেড়ে দিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
স্থানীয় সময় মঙ্গলবার এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী। ইসরাইল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের ওপরেই ছেড়ে দেন তিনি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের ওপর নির্ভর করছে।
গাজায় এখনো হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের হাতে কিছু ইসরায়েলি বন্দি রয়েছে। পুরো গাজা দখল করা হলে তাদের জীবনের ঝুঁকি আরও বাড়বে বলে উদ্বেগ জানিয়েছেন অনেক বিশ্লেষক।
এ পরিস্থিতিতে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিরক্ষা বিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ ইয়েনচা হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজা পুরোপুরি দখলের চেষ্টা করলে ‘বিপর্যয় নেমে আসবে’। তার মতে, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গাজা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
উল্লেখযোগ্য যে, ২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও এখনো আকাশসীমা, প্রবেশপথ ও জলসীমার ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে বাস্তবিক অর্থেই গাজা এখনো ইসরায়েলের দখলে বলে মত দিয়েছেন অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ।
এই যুদ্ধের সূচনালগ্ন থেকেই ইসরায়েলের ডানপন্থী নেতারা গাজায় আবারও সেনা মোতায়েন এবং সেখানে বসতি স্থাপনের দাবি জানিয়ে আসছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও গাজার সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পও চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ গড়ে তোলা যেতে পারে। অনেকেই তার এই মন্তব্যকে জাতিগত নির্মূলের প্রকাশ্য সমর্থন বলে ব্যাখ্যা করেছেন।
বর্তমানে গাজায় ভয়াবহ খাদ্যসংকট চলছে। অপুষ্টিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শিশু। মার্চ মাস থেকে ইসরায়েল প্রায় সব ধরনের ত্রাণ সহায়তা আটকে রেখেছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় চালু থাকা অল্প কিছু মানবিক কেন্দ্রই এখন গাজার জনগণের বেঁচে থাকার শেষ ভরসা।
তবে এই মানবিক বিপর্যয়ের মাঝেও প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছেন, গাজা নিয়ে ইসরায়েল কী করবে, সে সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না।
