রমজান মাসে সেহরি, ইফতার দুটিই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছোলা: দুই–তিন কেজি ছোলা সেদ্ধ করে রাখা যায় একসঙ্গে। প্রতিদিনের জন্য যেটুকু প্রয়োজন, আলাদা আলাদা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রতিদিন একটি বক্স রান্নার কিছুক্ষণ আগে বের করলেই হলো।
পেঁয়াজু: পেঁয়াজুর সব উপকরণ মেখে পেঁয়াজু বানিয়ে ডিপ ফ্রিজে রাখুন। পেঁয়াজু বরফ হয়ে গেলে প্রতিদিনের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা বক্স অথবা জিপার ব্যাগে সংরক্ষণ করতে পারেন।
ডিম আলুর মজাদার পদ: বেগুনির বিকল্প হিসেবে বেগুনের পরিবর্তে পেঁয়াজ গোল করে কেটে ব্যবহার করতে পারেন। এ ছাড়া আলু পাতলা করে কেটে ব্যবহার করতে পারেন। আলু ও ডিম সেদ্ধ করে তাতে সামান্য পুদিনাকুচি, লেবুর রস, চাট মসলা ও লবণ মেখে সালাদ তৈরি করে নিতে পারেন। সেদ্ধ বুট থাকলে এর সঙ্গে দিয়ে দিন। বুটের ডাল ভিজিয়ে পানি ঝরিয়ে রেখে দিন। এরপর নরম কাঁচা বুটের ডালের সঙ্গে আদাকুচি, টমেটোকুচি, লবণ, পুদিনাকুচি, লেবুর রস, কাঁচা মরিচকুচি মেখে নিলেই তৈরি হয়ে গেল সালাদ।
টকদই: ঘরে টকদই থাকলে বিভিন্ন রকম ফলের সঙ্গে দই মিশিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। শসা, গাজর দইয়ের সঙ্গে মিশিয়েও সালাদ খেতে পারেন। এসব সালাদ শুধু ইফতার এ নয়, খেতে পারেন সাহরিতেও।
সবজি সেদ্ধ: গাজর, পেঁপে অথবা চালকুমড়াকুচি অল্প সেদ্ধ করে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। ইফতারির আগে তরল দুধে চিনি, গরম মসলা ও ফ্রোজেন সবজি দিয়ে সেমাই তৈরি করে নিতে পারেন।
পানীয়: লেবুপানি, ডাবের পানি, জিরাপানি, বিভিন্ন ফলের জুস খাদ্যতালিকায় প্রতিদিন রাখুন। এসব পানীয়তে পিংক সল্ট ব্যবহার করুন। পিংক সল্ট না থাকলে সাধারণ লবণ ব্যবহার করুন। চিনি পরিহার করার চেষ্টা করুন। চিড়া, কলা, দইয়ের সালাদ অথবা ব্লেন্ড করে পানীয় হিসেবে খেতে পারেন। পছন্দমতো বাদামকুচি ও খেজুরকুচির সালাদ যেমন খাওয়া যায়, তেমনি দুধের সঙ্গে ব্লেন্ড করে পানীয় হিসেবে খেতে পারেন।
সেহরির রান্না: সাহরিতে তৈরি করতে পারেন ডিম-আলুর তরকারি। যেসব মাছ রান্না করতে সময় কম লাগে, যেমন চিংড়ি, ইলিশ এসব মাছ ভাজি বা তরকারি হিসেবে খেতে পারেন। এ গরমে আমডাল, চিংড়ি-ডালের চচ্চড়িও সহজে রান্না করে নিতে পারেন।
মাংস: মুরগির মাংসে সব মসলা ও তেল মেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। রান্নার আগে মাংস সাধারণ তাপমাত্রায় এনে সরাসরি রান্না করে নিতে পারেন। গরু কিংবা খাসির মাংস রান্না করে তবেই ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সে ক্ষেত্রে শুধু গরম করে নিলেই সাহরিতে খেতে পারেন।

Comments are closed.