অন্য মৌসুমের তুলনায় শীতের সময়টাতেই খিচুড়ি খাওয়া হয় বেশি। তেল মশলা থাকায় শীতে এ খাবারের চাহিদা অনেকটাই বেশি। কিন্তু একই স্বাদের খিচুড়ি খেতে খেতে অনেক সময় এ খাবারে একঘেয়ামি চলে আসে। যদি তাই হয় তাহলে কাথিয়াওয়াড়ি খিচুড়িটি রান্না করে দেখতে পারেন। হালকা খাবার হিসাবে কাথিয়াওয়াাড়ি খিচুড়ির জনপ্রিয়তা রয়েছে। খুব কম সময়ে এই খিচুড়ি তৈরি হয়ে যায়। কাথিয়াওয়াড়ি খিচুড়ির আসল মজা হচ্ছে তার মশলায়।
কাথিওয়াড়ি খিচুড়ির উপকরণ- ১ কাপ চাল, খোসাসহ মুগডাল, পেঁয়াজ ১টা, আলু ১টা, আদা পেস্ট এক চা চামচ, ৬ কোয়া রসুন, সবুজ রসুন পাতা ১ চামচ, মটর আধাকাপ, টমেটো একটা, জিরা এক চামচ, হলুদ আধা চামচ, লাল মরিচ আধা চামচ, গরম মশলা আধা চামচ, কাটা ধনিয়া পাতা ৩ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, ঘি আর লবণ স্বাদমতো।
কাথিয়াওয়াড়ি খিচুড়ির প্রণালী- হাঁড়িতে প্রথমে চাল, ডাল দিয়ে দিন। তারপর তাতে মোটা মোটা করে কাটা টমেটো আর আলু, মটর, হলুদ, লবণ দিয়ে দিন। খিচুড়ি হালকা আঁচে ফুটতে দিন। এদিকে, একটি কড়াইতে সামান্য তেল দিয়ে তা গরম করে নিন। তেল গরম হলে তাতে দিয়ে দিন, জিরা, কাটা রসুন, আদা পেস্ট, আর হিং।
এরপর কী করণীয়- এরপর কড়াইয়ের ওই তেলেই দিন পেঁয়াজের কুচি। এবার ভালো করে নাড়তে থাকুন। ১ মিনিট ধরে নেড়ে নিয়ে সামান্য পানি দিতে পারেন। এরপর সেদ্ধ হওয়া খিচুড়ির চাল, আলু, টমেটো, ডালের ওপর ওই মশলা দিয়ে দিন। ভালো করে মিশিয়ে ২ মিনিট রান্না করুন। সবশেষে ওপরে ঘি ছড়িয়ে দিন।
এরপর পরিবেশন করুন শীতের দিনে গরম গরম ধোঁয়া ওঠা কাথিয়াওয়াড়ি খিচুড়ি।
