প্রতিবারের মতো এবারও ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ঈদ উদযাপনে বিশেষ আয়োজন করা হয়েছে।
ঈদের দিন সকালে পোলাও চাল দিয়ে তৈরি পায়েসের সঙ্গে মুড়ি দিয়ে নাস্তা করবেন বন্দীরা।
এছাড়া ঈদ উপলক্ষে তাদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা। সেখানে আছে গান বাজনাসহ নানা রকম আয়োজন।
এসব তথ্য জানিয়ে বুধবার (২৮ জুন) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জহুরা খাতুন বলেন,
‘এবার ঈদে বন্দীরা পোলাও চালের পায়েসের সঙ্গে মুড়ি দিয়ে নাস্তা করবেন। পাশাপাশি দুপুরে থাকবে পোলাও, মুরগির রোস্ট, গরুর গোশতের ভুনা।’
‘এছাড়া যারা গরু খাবেন না তাদের জন্য রয়েছে খাসির মাংস। পাশাপাশি কাগজি লেবু ও শসার সঙ্গে থাকবে কোমল পানীয় ও চমচম মিষ্টি।’
‘রাতের খাবারের মেনুতে থাকবে সাদা ভাত, রুই মাছ, ডিম ও আলুর দম। এছাড়া ঈদ উপলক্ষে বন্দীদের জন্য এবারও থাকছে পান সুপারি।’
জহুরা খাতুন বলেন,
‘সব আইটেমের পাশাপাশি সকালের নাস্তায় পায়েস খুব উন্নতমানের করে রান্না করা হবে। পোলাওয়ের চাল দিয়ে কিসমিসসহ যতরকম মসলার আইটেম থাকে সব দেওয়া হবে।’
কারা সূত্রে জানা যায়,
‘ঈদ উপলক্ষে কারাবন্দিদের জন্য ১০টি গরু কোরবানি দেওয়া হবে। ইতোমধ্যে কোরবানির উদ্দেশে ১০টি গরু কারাগার এলাকায় আনা হয়েছে।’
‘এছাড়া যারা গরুর মাংস খান না তাদেরসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ঈদের দিন সাতটি খাসি জবাই করা হবে।’
কারা সূত্রে আরও জানা যায়,
‘ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত তিনবেলা কারবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
‘এছাড়া ঈদের দিন তাদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
আরও পড়ুন:
