২৬ হাজার ৯০৯ হাজি দেশে ফিরলেন

পবিত্র হজ শেষে ২৬ হাজার ৯০৯ হাজি দেশে ফিরেছেন। তাঁরা ৬১টি ফ্লাইটে দেশে ফেরেন। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

পোর্টালে দেওয়া তথ্য থেকে জানা যায়, এ বছর হজ  পালন করতে গিয়ে ৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় একজন মারা যান। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মো. হারুনুর রশীদ নামে এক হজযাত্রী মারা যান। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়।

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮ ফ্লাইটে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন। উল্লেখ্য, গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। দেশে ফেরার ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

এনএএন টিভি

Share this news as a Photo Card