‘দেশে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোনো নির্বাচন হবে না, এ বিষয়টি শেখ হাসিনাও জানেন’’
-বিএনপি পদযাত্রা সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।
বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে এবং
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এক দফা দাবিতে
মৌলভীবাজার জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের বাঁধার মুখে পরে নেতৃবৃন্দরা।
এর আগে, শহরের পশ্চিম বাজারস্থ আল-আরাফা ব্যাংক প্রাঙ্গন থেকে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রা পূর্ব সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এম নাসের রহমান বলেন,
‘দেশে আগামী ডিসেম্বর-জানুয়ারীতে কোন নির্বাচন হবে না, এ বিষয়টি শেখ হাসিনাও জানেন।’
‘আর শেখ হাসিনা চাইলেও দেশে কোন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। কারণ বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা তাঁর পারিবারিক আর লুটেরা যে সমাজ সৃষ্টি করেছে।’
‘তাঁর এই লুটেরা সিস্টেমের মধ্যে প্রশাসন, পুলিশ, কোর্ট কাচারি সব একাট্টা হয়ে গেছে।’
‘তার এ অনিবার্য পতনের সাথে ওদেরও পতন ঘটবে। তাই এ লুটেরারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না।’
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে
এবং জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ফয়সল আহমদ ও
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন,
সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক,
সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সহ-সভাপতি মো: হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন-
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও
জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত,
সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজু,
সিনিয়র যুগ্ম ইসহাক আহমেদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,
জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধরসহ জেলা বিএনপি,
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল এবং বিভিন্ন উপজেলা, পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এদিকে, সমাবেশের পর মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বে বিশাল পদযাত্রা শুরু হয়।
কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশ গ্রহণে শুরু হওয়া পদযাত্রাটি
শহরের এম সাইফুর রহমান সড়কের হামিদিয়া পয়েন্টে গেলে পুর্ব থেকে অবস্থান নেওয়া বিপুল সংখ্যক পুলিশ পদযাত্রটি সেখানে আটকে দেয়।
এ সময় পুরো এম সাইফুর রহমান সড়ক জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান নেতাকর্মী ও সমর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন,
‘মৌলভীবাজারে এ পর্যন্ত যত গণমিছিল হয়েছে সব সময় শান্তিপূর্ণ হয়েছে।’
‘কিন্তু আজ বিশাল জনস্রোত দেখে ক্ষমতাসীনরা ভয়ে শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ দিয়ে বাঁধা দিয়েছে।’
‘ভবিষ্যতে এ ধরণের অন্যায় বাঁধা আর মানা হবে না।’
তিনি সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে আরও বলেন
‘যদি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া হয়- তাহলে গণরোষে অবৈধ শেখ হাসিনার সরকারের পতন ঘটানো হবে।’
এদিকে, পদযাত্রা সফল করতে বেলা ২টার পর থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতা কর্মীরা জড়ো হতে থাকেন।
তিমির বনিক, মৌলভীবাজার
