রাজধানী ঢাকায় আজ রোববার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ। এনসিপির সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আর ছাত্রদলের সমাবেশ হবে শাহবাগে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান।
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হবে। আর সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।
গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সভা-সমাবেশ ও অনুষ্ঠানের কারণে রোববার শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ব্যাপক জনসমাগম ঘটবে।
দুই সমাবেশ ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি সমাবেশে তৃতীয় পক্ষ ঢুকে বিশৃঙ্খলা ও নাশকতা যাতে করতে না পারে, এ বিষয়ে দুই দল ও সংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে নিজ নিজ দল থেকে।
সমাবেশ উপলক্ষে সর্বসাধারণের ভোগান্তি প্রসঙ্গে এনসিপির আহবায়ক বলেন, ‘আগামীকাল এইচএসসি পরীক্ষা রয়েছে। দুই বেলা পরীক্ষার পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের সমাবেশ রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের শহিদ মিনারে কর্মসূচি ছিল। আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরে এসে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যেহেতু দুইটি প্রোগ্রাম থাকবে সাথে পরীক্ষাও থাকবে সেজন্য যানজট হতে পারে। সেক্ষেত্রে আমরা ঢাকাবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। ৩ আগস্ট ঐতিহাসিক দিন। না হলে আমরা বন্ধের দিনে আয়োজন করতাম। তারপরও আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।’
জুলাই সনদ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, ‘আমাদেরকে এখনো নতুন বাংলাদেশের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। জুলাই পদযাত্রা মূলত বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে ছিল। পাশাপাশি আমরা জুলাই সনদের কথাও বলেছিলাম। আমরা জানতে পেরেছি সরকার আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল ৫ আগস্টের মধ্যে যাতে জুলাই সনদের সুরাহা হয়।

3 Replies to “ছাত্রদল ও এনসিপির পূর্বঘোষিত সমাবেশ আজ”
Comments are closed.