হাসপাতালে ভর্তি অসুস্থ নেতা আমানকে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

বিএনপির অবস্থান কর্মসূচি থেকে পুলিশের হাতে আটকের সময় অসুস্থ হয়ে পড়া ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের অসুস্থতার জন্য হাসপাতালে খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন আমানকে দেখতে যান।

এ সময় তিনি বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুসের এক বুকেট তুলে দেন।

আমানউল্লাহ আমানকে গাজী হাফিজুর রহমান জানান,

‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এ সকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।’

লিকু আরও বলেন,

‘চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।’

এসব উপহার গ্রহণ করে আমানউল্লাহ আমান মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টার দিকে গাবতলীতে আমানের নেতৃত্বে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

তবে সেখানে আগে থেকেই অবস্থান নিয়েছিলো আওয়ামী লীগ। তখন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশের হাতে তুলে দেন আওয়ামী লীগের কর্মীরা।

এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে যান আমান উল্লাহ আমান।

তখন পুলিশের এক কর্মকর্তা আমানকে নেতাকর্মী নিয়ে সেখান থেকে ৫ মিনিটের মধ্যে সরে যেতে বলেন। অবস্থান কর্মসূচির অনুমতি নেই বলে জানান তিনি।

একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটি শুরু হয়।

তখন আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চারপাশ থেকে বিএনপি নেতাকর্মীদের ঘিরে ফেলে।

তখনই দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

এমতাবস্থায় আমানকে পুলিশ আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যেতে চায়।

এর মধ্যেই ,পুলিশের সঙ্গে যাওয়ার সময় রাস্তায় অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন আমান। প্রায় দু-তিন মিনিট তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন।

তখন পুলিশ তাকে সেখান থেকে তুলে নিয়ে গাড়িতে করে শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যায়।

এনএএন টিভি