ক্রিকেটপ্রেমীদের জন্য দুঃসংবাদ। রাজনৈতিক উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত লেজেন্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৯টায় ইংল্যান্ডের এজবাস্টনে দুই দলের মাঠে নামার কথা থাকলেও, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ম্যাচটি স্থগিত না হয়ে সরাসরি বাতিল ঘোষণা করা হয়।
সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রভাব পড়েছে এই ম্যাচেও। ঘটনার পর ভারতীয় খেলোয়াড়দের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন পক্ষের সমর্থকরা। এর জেরে ভারতীয় লেজেন্ড ক্রিকেটার ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং ও শিখর ধাওয়ান নিরাপত্তা ও মানসিক অস্থিরতার কথা জানিয়ে ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন।
এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির একটি মন্তব্য ঘিরে বিতর্ক আরও বাড়ে। সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরে একটি পটকাও ফাটলে পাকিস্তানকে দায়ী করা হয়। অথচ সেখানে ভারতের আট লাখ সেনা মোতায়েন। এরপরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে বোঝা যায় সেনাবাহিনী অকেজো।
এই মন্তব্যের পাল্টা জবাবে শিখর ধাওয়ান সামাজিক মাধ্যমে লেখেন, কার্গিলেও তোমাদের হারিয়েছিলাম। আমাদের সেনাদের নিয়ে আমরা গর্বিত। উল্টোপাল্টা মন্তব্য না করে নিজের দেশের জন্য কিছু করো।
পরবর্তীতে আফ্রিদিও প্রতিক্রিয়ায় চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করে লেখেন, জয়-পরাজয় ভুলে যাও, আসো মাকে চা পরিবেশন করি।
এই উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে টুর্নামেন্ট আয়োজক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) এক বিবৃতিতে জানায়, আমরা সবসময় ক্রিকেটকে ভালোবাসার চোখে দেখি। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের লক্ষ্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন সম্ভব নয়। আমরা সিদ্ধান্ত গ্রহণে দুঃখ প্রকাশ করছি এবং প্রত্যাশা করি সবাই বিষয়টি উপলব্ধি করবেন।
উল্লেখ্য, ১৮ জুলাই শুরু হওয়া এই ছয় জাতির টুর্নামেন্টে অংশ নিচ্ছেন শুধুমাত্র সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররা। ভারতের নেতৃত্বে আছেন যুবরাজ সিং, আর পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। প্রথম ম্যাচে পাকিস্তান ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে শুভ সূচনা করলেও, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের পর পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।
