বাংলাদেশ সফরে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ঘরের মাঠে টাইগারদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেও, বাংলাদেশের মাটিতে উল্টো চিত্র দেখা গেল। এই হারের পর দলটির পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।
বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রমিজ ধারাভাষ্যের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ বিশ্লেষণ করেছেন সিরিজের নানা দিক। ভিডিওতে তিনি বলেন, ‘পাকিস্তান ম্যাচ হারল, সিরিজও হারল। বাংলাদেশকে অনেক শুভেচ্ছা। বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল কঠিন পিচে কিভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়।’
তিনি বাংলাদেশের দলগত আত্মবিশ্বাস, ঘরের মাঠের সুবিধা কাজে লাগানো এবং সমর্থকদের উপস্থিতির প্রশংসা করে বলেন, ‘গ্যালারি ছিল ভরা, খেলোয়াড়দের স্পিরিট ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে জাকের আলীর দারুণ লড়াকু ইনিংসটি নজর কাড়ার মতো।’
পাকিস্তানের দুর্বলতার দিকেও সরাসরি আঙুল তুলেছেন রমিজ। তার মতে, কঠিন কন্ডিশনে ভালো করতে হলে দলে স্পেশালিস্ট বোলার থাকা অত্যন্ত জরুরি, যা পাকিস্তান দলে অনুপস্থিত ছিল। ‘আজ পাকিস্তানের স্কোয়াডে একজনও নিয়মিত স্পেশালিস্ট স্পিনার ছিল না—এটা বড় ঘাটতি,’ বলেন তিনি।
পাকিস্তান দলের দুর্বলতা নিয়েও কথা বলেছেন রমিজ। বিশেষ করে টাফ কন্ডিশনে খেলার জন্য স্পেশালিস্ট বোলারের অভাবকে দায়ী করেন তিনি। বলেন, ‘আজ (গতকাল) পাকিস্তানের একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না। আর এটা বড় একটা ঘাটতি। বাংলাদেশের রিশাদ মার খেলেও সে একজন রেগুলার বোলার— কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলারদেরই দরকার হয়।’
রমিজ আরও বলেন, ‘পাকিস্তানকে বলব, এই হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। টেকনিক নিয়ে কাজ করতে হবে। শুধু বিগ হিটিং দিয়ে কাজ হবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বিগ হিটিং করতে হবে, আপনার ডিফেন্স কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কী অবস্থা—সবকিছুই ঠিক করতে হবে পাকিস্তানকে। অনেক কিছু শেখার বাকি আছে, অনেক কিছু বুঝার বাকি আছে এবং সেই অনুযায়ী কাজ করা শেখাও বাকি।’
