ম্যাচসেরার পুরস্কার ৫৫ কেজি আলু, সঙ্গে উপহার ঠেলাগাড়ি

ম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

৫৫ কেজি আলুর বস্তা টেনে নেওয়া সহজ নয়; বিশেষ করে সুলাসের জন্য। তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি। রোববার নর্সশেল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় তাঁর দল সুন্নরইউস্কে। সেই ম্যাচের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার। নির্বাচিত হন ম্যাচসেরাও।

এত আলু দিয়ে কী করেছেন সুলাস। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আলুগুলো আমি ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি এবং তারা এর মধ্যে কিছু আলু একটি স্যুপ কিচেনে দিয়েছে।’

সম্প্রতি নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেওয়া হয়।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ২০১৩ সালে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট। তখন আবাহনী লিমিটেডের হয়ে খেলতেন তিনি। ব্লেন্ডার মেশিন পেয়ে একটি টুইটও করেন এই অলরাউন্ডার; যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এনএএন টিভি