গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে শুনানির মধ্যেই অবরুদ্ধ গাজায় হামলা আরও জোরদার করেছে তেল আবিব। মধ্যাঞ্চলে আবাসিক ভবনে বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। আহত হয়েছেন শতাধিক। আগ্রাসন অব্যাহত রয়েছে দখলকৃত পশ্চিম তীরেও।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিজিটিএন।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছেন বলে গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে।
এদিকে বেশ কয়েকটি ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র সিনহুয়াকে জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান গাজার দেইর এল-বালাহ শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়িতে কয়েক দফায় হামলা চালায়। এর ফলে এসব বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

অন্যদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বাহিনীর সংঘটিত ‘জঘন্য গণহত্যায়’ ৪০ জন নিহত এবং আরও ১০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। ইসরায়েলি এই হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

 

এনএএন টিভি