বরিশালের ধানক্ষেতে নিজের পাঁতা বিদ্যুৎ ফাঁদে এক কৃষকের মৃত্যু

বরিশালের উজিরপুরে ধানক্ষেতে নিজের পাঁতা বিদ্যুৎ ফাঁদে এক কৃষকের মৃত্যু ঘটেছে। নিহত মুজাফফর মৃধা (৭৫) উপজেলার মুগাকাঠি গ্রামের বাসিন্দা। ইঁদুর থেকে ধানের বীজতলা রক্ষার জন্য ফাঁদ বসানো হয়েছিল।

উজিরপুর থানার ওসি গণমাধ্যমকে জানান, বাড়ির পাশে বীজতলায় ইঁদুরের উপদ্রব মারাত্মক হওয়ায় মুজাফফর মৃধা ফাঁদ বসান। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তিনি ক্ষেতে নামলে ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির উজিরপুর অফিসের সহকারী ম্যানেজার মো. সলেমি জানান, ইঁদুর মারার জন্য বিদ্যুৎ ফাঁদ বসানো অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। ফাঁদ বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।