লক্ষ্মীপুরে ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা যায়, শনিবার (৪ এপ্রিল) রাতে শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এর প্রতিবাদে আজ বিকেলে দুপক্ষই চকবাজার এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
১৪৪ ধারা উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ব্যাপক হাতাহাতি শুরু হয়। একই সময় ‘জুলাই ফাইটার্স’-এর ব্যানারে ছাত্রদল নেতাকর্মীরাও মিছিল করে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
