চোখের সামনে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠতে দেখে কান্না থামাতে পারছেন না অসহায় মাছ চাষি উজির মিয়া। নিঃস্ব উজির মিয়া গাইদঘাট গ্রামের শামসুজ্জোহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের শামসুজ্জোহার ছেলে উজির মিয়া চার বছর আগে দেড় বিঘা জমির পুকুর বর্গা নিয়ে মাছ চাষ শুরু করেন। চলতি মৌসুমে তিনি প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ, কাতলা, রুই, মৃগেল, তেলাপিয়া, গ্লাসকার্প মাছ চাষ করেছিলেন। আর কয়েক সপ্তাহ পরই বিক্রি শুরু করার কথা ছিল। কিন্তু রোববার (২ নভেম্বর) দিনগত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। পরদিন সোমবার (০৩ নভেম্বর) সকালে পুকুরের পানিতে ভেসে ওঠে অসংখ্য মৃত মাছ।
কান্নাজড়িত কণ্ঠে উজির মিয়া বলেন, আমি কিস্তি করে টাকা তুলে,গরু বিক্রি করে ধাপে ধাপে পুকুরে মাছ ছাড়ি। প্রায় লাখ টাকার বেশি খরচ হয়েছে। আশা করেছিলাম মাছ বিক্রি করে ঘর তুলবো। এখন সব শেষ আমি নিঃস্ব হয়ে গেছি। এর আগেও একবার বিষ ঢেলে ক্ষতি করেছিল, এবার একেবারে শেষ করে দিল।
ভুক্তভোগীর ভাস্তে দীননাথপুর গ্রামের নিবিড় মিয়া জানান, আমার চাচা চার বছর ধরে পরিশ্রম করে মাছ চাষ করছিলেন। ওই দিন রাতে কে বা কারা বিষ দেয়ায় পুরো পুকুরের মাছ মরে গেছে। ইতোমধ্যে পাচ বস্তা মরা পচা মাছ তুলেছি, আরও অনেক মাছ ভেসে আছে। সে এখন একেবারে পথে বসেছে।
এ ঘটনায় এলাকার অন্যান্য মাছ চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজেদের পুকুরের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

One Reply to “প্রতিপক্ষের নৃশংসতায় এক মাছ চাষির স্বপ্ন ধুলিসাৎ”
Comments are closed.