কালিয়াকৈরে আগুনে দুটি গরুসহ পুড়ল বসতবাড়ির মালামাল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক আকস্মিক অগ্নিকাণ্ডে দুটি গবাদিপশুসহ দুটি পরিবারের বসতঘরের মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার নন্দীচালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দীচালা গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করেন রাধা বল্লভ মালো ও অর্জুন মালো। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ রাধা বল্লভ মালোর গোয়ালঘর এবং অর্জুন মালোর বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দুটি বাড়িতেই।

অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা দুটি গরু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া ঘরে মজুদ করে রাখা পেশাগত মাছ ধরার বিপুল জাল এবং অর্জুন মালোর বসতঘরের সমস্ত আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক ও অনুন্নত হওয়ায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া সম্ভব হয়নি। পরে গ্রামবাসী নিজস্ব উদ্যোগেই দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।