ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক তথা বর্তমান ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা-ফতুল্লা-পঞ্চবটি সড়কটির বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট;যার কবলে পড়ে দিন দিন পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
এ সড়কে পঞ্চবটি মোড় থেকে শুরু হয়েছে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক।
এছাড়া বিসিক শিল্পনগরী, ফতুল্লা শিল্পাঞ্চল, মুক্তারপুরের অসংখ্য সিমেন্ট ফ্যাক্টরির যানবাহন এ সড়ক দিয়েই চলাচল করছে।
এছাড়া, পঞ্চবটির মোড়ের অদূরেই রয়েছে যমুনা ও মেঘনা অয়েলের দুটি ডিপো।
এ দুটি ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে অসংখ্য ট্যাঙ্কলরি এ সড়ক দিয়েই চলাচল করছে।
এর মধ্যেই এই সড়কটি উন্নীতকরণের জন্য রাস্তা সংস্কারের কাজ চলছে যে কারণে এই সড়কটির দুই পাশে রাস্তা ভাঙা হয়েছে।
মহাসড়কটির অন্যদিক দাপা ইদ্রাকপুর ও পাগলা এলাকায় রাস্তার দু’পাশে পাথর, ইট ও বালুর গদি রয়েছে।
এর মধ্যে, সম্প্রতি টানা বৃষ্টি হওয়ায় এই সব কিছু মিলিয়ে রাস্তার অবস্থা এখন কাহিল হয়ে পড়েছে।
রাস্তার খুঁড়ে রাখা অংশে বৃষ্টির পানি জমে বড় গতের সৃষ্টি হয়েছে। এতে প্রায়শই ঘটছে একাধিক দুর্ঘটনা।
এতে চরম ভোগান্তিসহ দুর্ঘটনার আশঙ্কায় ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে সড়কের বিভিন্ন পরিবহনের যাত্রী, চালক-পথচারীরা।
এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা এ সড়কের যানজটের অভিশাপ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান।
সাগর খান, নারায়ণগঞ্জ
আরও পড়ুন:
