নরসিংদীতে শিবপুরে অজ্ঞাত যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—
ফরিদপুর জেলার নগরকান্দার তোতা মুন্সীর ছেলে শাহিন হোসেন (২৮), নরসিংদীতে শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার
মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)। অটোরিকশায় তারা তিনজনই ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, রাতে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল।
এ সময় অজ্ঞাত কোনো যানবাহন অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও চালকের লাশ উদ্ধার করেন।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির এসআই মো. আবু খায়ের বলেন, রাত গভীর হওয়ায় কোন যানবাহন সিএনজিকে ধাক্কা দিয়েছে কেউ বলতে পারছে না।
ঘটনাস্থল থেকে একজন ও হাসপাতাল থেকে দুজনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :

Comments are closed.