নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ বাড়ি থেকে নাজমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা মধ্যপাড়া গ্রামে মঙ্গলবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী সহ পরিবারের সবাই পালিয়ে গেছে।
নিহত নারী দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা মধ্যপাড়া গ্রামের মো. ছিদ্দিক মিয়ার মেয়ে।
এদিকে, নিহতের স্বজনরা দাবি করছেন, স্বামীর পরকীয়া প্রেমিকাকে বিয়ে করতে না দেওয়ায় তাঁকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।
এদিকে, নিহত নারীর ভাই রোহেন নবী জানান,
‘পশ্চিমপাড়া এলাকার মোতালিবের ছেলে আমিরের সঙ্গে আমার বোনের ২৫/২৬ বছর আগে বিয়ে হয়। তাদের ৩টি সন্তান রয়েছে।
আমির মালয়েশিয়া প্রবাস থেকে ৩/৪ মাস আগে দেশে এসে তারই বাড়ীর এক মহিলা ভাড়াটিয়ার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে।
ঘটনা জানাজানি হলে আমার বোন তাতে বাঁধা দেয়। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে কলহ হতো।
ঘটনার দিন সকাল ১০টায় আমির ওই ভাড়াটিয়া মহিলাকে বিয়ে করবে বলে আমার বোনকে জানায়। তখন আমার বোন তাতে রাজী না হলে তাদের মধ্যে ঝগড়া হয়।
ওই সময় আমির আমার বোনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরে ফেলে রেখে তার পরিবার পরিজন নিয়ে পালিয়ে যায়।
আমরা লোক মারফত সংবাদ পেয়ে আমার বোনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে আমরা পুলিশে সংবাদ দেই।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান,
‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’
আরও পড়ুন:
