শরীয়তপুরে এক প্রবাসীর ফাঁকা বাড়ি দেখে চুরি করতে আসে চোর, তখন ডিম ভাজতে গিয়ে ধরা পড়েছে এক চোর।
এ প্রসঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছে,
‘চুরি করতে এসে ফ্রিজ থেকে তিনটি ডিম নিয়ে গ্যাসের চুলায় ভেজে খেয়েছে চোর ও তার সহযোগীরা।’
‘প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে খবর দেয়। পরে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের প্রবাসী পলাশ ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়,
পলাশ ফকির দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তার বাড়িতে কেউ থাকত না। মাঝে মধ্যে তার মা আঙ্গুরা বেগম এসে বসবাস করতেন।
শুক্রবার রাত ৮টার দিকে শোভন ফকির নামে এক প্রতিবেশী পলাশ ফকিরের ঘরে মৃদু আলো দেখতে পেয়ে তিনি আঙ্গুরা বেগমকে খবর দেন।
এরপর আঙ্গুরা বেগম এসে ঘরের দরজা খুলে সাদেক খান (২৭) কে আটক করেন।
সাদেক খানকে আটক করলে জানা যায়,
‘তার সহযোগীরা দ্রুত পালিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে। পরে আঙ্গুরা বেগমসহ স্থানীয়রা দেখতে পায় ঘরের চালার টিন খুলে চোর ঘরে প্রবেশ করেছে।’
‘তারা ফ্রিজ থেকে ডিম নিয়ে গ্যাসের চুলায় ভেজে খেয়েছে।’
‘এছাড়া, ড্রয়ারের তালা ভেঙে নগদ এক লাখ টাকা ও দুইটি কানের দুল চুরি করে নিয়ে পালিয়েছে সাদেক খানের সহযোগীরা।’
‘বিষয়টি থানা পুলিশকে জানালে তারা এসে সাদেক খানকে আটক করে নিয়ে যায়।’
আঙ্গুরা বেগম জানান,
‘আমি বাড়িতে ছিলাম না। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে লোকজন নিয়ে গিয়ে চোরকে আটক করেছি।’
‘চোর কী কী চুরি করছে তা খুঁজতে গিয়ে দেখি ফ্রিজ থেকে ডিম নিয়ে ভেজে খেয়েছে। আমার ছেলে বিদেশে থাকে।’
‘বাড়িতে আমিই মাঝে মধ্যে এসে থাকি। ঘর ফাঁকা থাকায় চোর নির্বিঘ্নে ঘরে ঢুকে ডিম ভেজে খেয়েছে।’
‘আমি বৃদ্ধ হওয়ায় চুরির ঘটনায় আমার নাতিন জামাই থানায় মামলা দায়ের করবে।’
পালং মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন,
‘একজন চোরকে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশকে খবর দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ চোরকে থানা হেফাজতে নিয়েছে।’
‘ভূক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
