ফেনীতে সিএনজি চালকের আঘাতে লাইনম্যানের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় সিএনজি চালিত অটোরিকশা চালকের লাঠির আঘাতে মো. হারুন (৫৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

রবিবার (০৯ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলা শহরটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রধান অভিযুক্ত সিএনজি চালক বেলাল হোসেন (৪৫) কে আটক করেছে পুলিশ।

নিহত হারুন ছাগলনাইয়া পৌর শহরের হাজীপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

আটক বেলাল নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর গ্রামের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে তিনি ও তার ছেলে বাপ্পি ছাগলনাইয়া শহরে ভাড়া বাসায় থেকে সিএনজি চালিয়ে আসছেন।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক আবসার জানান,

‘হারুন দীর্ঘদিন যাবৎ ফেনী-ছাগলনাইয়া সিএনজি রুটে ছাগলনাইয়া স্ট্যান্ডে লাইনম্যানের দায়িত্বে রয়েছেন।’

‘রবিবার (৯ জুলাই) বিকাল আড়াইটার দিকে সিএনজির সিরিয়াল নিয়ে চালক বেলালের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।’

‘একপর্যায়ে বেলাল ও তার ছেলে সিএনজিচালক বাপ্পি একজোট হয়ে হারুনকে লাঠি দিয়ে আঘাত করে। এ আঘাতে হারুন মাটিতে পড়ে যায়।’

‘তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান,

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিক ঘটনায় অভিযুক্ত সিএনজিচালক বেলাল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি